শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে : অর্থমন্ত্রী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৩ এএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে শিগগির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এবং লেনদেন ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হবে।

গতকাল সোমবার জাতীয় সংসদে সরকারদলীয় সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, লেনদেন ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে।

এ সময় মন্ত্রী সরকারের বেশ কিছু পদক্ষেপের কথা সংসদে তুলে ধরেন। তিনি জানান, মার্কিন ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার বাজারভিত্তিক করা, রিজার্ভ পুনর্গঠনের জন্য সঠিক মূল্যে পণ্য আমদানি নিশ্চিত করা, বাণিজ্যিক ব্যাংকে বৈদেশিক মুদ্রা ধারণের সীমা হ্রাস করা হচ্ছে। এ ছাড়া পাঁচ হাজার ডলারের বেশি প্রবাস আয়ের উৎস প্রদর্শনের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। পাইপ লাইনে থাকা বৈদেশিক অর্থায়ন ছাড়করণ ত্বরান্বিত করা হচ্ছে। সরকারদলীয় সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল জানান, রুগ্ন শিল্পের সমস্যা সমাধানের জন্য ২০০৯ সালে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠিত হয়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১০ ও ২০১২ সালে ২৭৯টি রুগ্ন গার্মেন্টস এবং ২০১১ ও ২০১৫ সালে ১০০টি রুগ্ন টেক্সটাইল শিল্পের ঋণ বিলুপ্তের সার্কুলার জারি করা হয়েছে।

একই দলের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি ২০২৩-২৪ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে কৃষি ও পল্লী ঋণ খাতে ব্যাংকগুলোর মাধ্যমে ঋণ আকারে বিতরণের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

বিরোধীদলীয় সংসদ সদস্য মো. মশিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে মুস্তফা কামাল জানান, সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর ফলে ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের মুনাফার হার অধিক সংরক্ষণ করায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যা হ্রাস পায়নি। বর্তমানে বাজারে প্রচলিত আর্থিক প্রতিষ্ঠানের স্থায়ী আমানতের ঘোষিত মুনাফার চেয়ে জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার আকর্ষণীয় রয়েছে। তাই সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই।

সরকারি দলের সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের এ পর্যন্ত কৃষকের কোনো কৃষি ঋণ মওকুফ করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত