বর্তমান সরকারের পতনে তরুণ ও যুবকদের ঐক্যবদ্ধভাবে দ্রুত আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সময় খুব কম। আসুন, জেতার জন্য লড়াই করি। ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সংগ্রাম ও লড়াই করি। বিজয় আমাদের সুনিশ্চিত।’ গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে প্রয়াত জাফরুল্লাহ চৌধুরী স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘তারা (সরকারের মন্ত্রীরা) যত কথাই বলুক লাভ নেই। এখন মানুষ অন্তর থেকে পরিবর্তন চায়, প্রতিটি মুহূর্তে দেশের মানুষ এই সরকারকে সরে যেতে দেখতে চায়। কারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। চাল-ডাল, খাওয়া-কাপড় প্রতিমুহূর্ত তাদের কাছে অসহনীয় হয়ে উঠছে। দেশ ও জাতিকে রক্ষা করতে সব যুবক-তরুণকে এগিয়ে আসতে হবে। যে স্বপ্ন নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী সারাটা জীবন লড়াই করেছেন। জগদ্দল পাথরের মতো জাতির ওপর চেপে বসা দানবীয় সরকার যা কিছু অর্জন, সব নষ্ট করে দিয়েছে।’
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বিএনপির জহির উদ্দিন স্বপন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলতাফুন্নেসা প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরীর সহধর্মিণী নারী নেত্রী শিরীন হক উপস্থিত ছিলেন।
১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি : আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ‘মিথ্যা’ মামলায় ‘অন্যায়ভাবে’ সাজা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ হবে বলে দেশ রূপান্তরকে জানান মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু জানান, সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।
১০ বিভাগে রোডমার্চ করবে তিন সংগঠন : বর্তমান সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলন জোরদার করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ১০ সাংগঠনিক বিভাগে রোডমার্চ করবে। রোডমার্চের একটি খসড়া সূচি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়।
তালিকা অনুযায়ী ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারুণ্যের এই রোডমার্চের মধ্যে ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশমাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার, নওগাঁ হয়ে রাজশাহী, ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেট, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে যশোর, নোয়াপাড়া হয়ে খুলনা এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা থেকে ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত কর্মসূচি পালনের সিদ্ধান্ত রয়েছে।
