স্কুলের টিউবওয়েলে বিষাক্ত পানি, দুই ছাত্রী হাসপাতালে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় এক স্কুলের টিউবওয়েলে ‘বিষাক্ত পানি’ পান করে দুই ছাত্রী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের জিগরী হাইস্কুলে টিউবওয়েলে মিশ্রিত বিষাক্ত পানি পান করার পর এ ঘটনা ঘটেছে। আক্রান্ত দুই শিক্ষার্থী রহিমা (১৪) ও ইসরাত জাহান মেঘলা (১৪) উভয়ের ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

জানা যায়, সকাল ১০টার দিকে তারা স্কুলের টিউবওয়েলের পানি পান করেন। পরে আবার পুনরায় বোতলে পানি ভর্তি করতে গিয়ে তারা দেখেন টিউবওয়েলের পানি সঙ্গে দুর্গন্ধ ও সাদা বিষাক্ত জাতীয় তরল পদার্থ বের হতে। তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকে বিষয়টি জানান। এর কিছুক্ষণ পর ছাত্রীদের পেট ব্যথা ও বুকে জ্বালা অনুভব করলে তারা অসুস্থ হয়ে পড়েন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. নিশাত তাসলিম বলেন, বেলা ১১ টার দিকে দুজন স্কুল শিক্ষার্থী পেটে ব্যথা ও বুক জ্বালা নিয়ে হাসপাতালে আসেন। বিষক্রিয়া সন্দেহে তাদের হাসপাতালে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন বলেন, বিষয়টি জানার পর এক জন সহকারী শিক্ষকসহ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে তারা সুস্থ রয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিসহ বসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়টি নিয়ে উপজেলার উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে পানির বর্ণ ও গন্ধ দেখে প্রাথমিকভাবে কীটনাশক বলে ধারণা করা হচ্ছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন বলেন, ঘটনাটি আমরা শুনে বিদ্যালয় পরিদর্শন করেছি। এখনও অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত