চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্যম্পাসে ভাঙচুরের ঘটনায় দুই মামলায় ১৪ জন আসামির মধ্যে ১২ জনই ছাত্রলীগের কর্মী। এরমধ্যে ৬ জন ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন গ্রুপের, ৫ জন চুজ ফ্রেন্ড উইথ কেয়ার (সিএফসি) গ্রুপের, ১ জন বিজয় গ্রুপের কর্মী-সমর্থক। বাকি ২ জন সাধারণ ছাত্র হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন। তবে তারা প্রত্যেকেই নিজেদের নির্দোষ দাবি করেছেন।
ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলাকে স্বাভাবিকভাবে দেখছেন না শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের দাবি, প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতেই ছাত্রলীগকে আসামি করে এই মামলা করেছে। মামলার বিবরণে বলা হয়, আসামিরা ৪ সেপ্টেম্বর উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে ১০ লাখ টাকা এবং ৫ সেপ্টেম্বর নিরাপত্তা দপ্তরের প্রশাসকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা না পেয়ে তারা হুমকি দেন। পরে শাটল দুর্ঘটনাকে পুঁজি করে তান্ডব চালান।
