সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

বাইডেনের সঙ্গে নির্বাচনী আলাপ হয়নি প্রধানমন্ত্রীর

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতে নির্বাচন নিয়ে কোনো আলাপ হয়নি। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দিল্লিতে শেখ হাসিনা ও জো বাইডেনের আলোচনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খুব ভালো কথা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, আমি বাবা-মা, ভাইদের হারিয়েছি। বাংলাদেশের জনগণই আমার পরিবার। এদের মুখে দুই বেলা ভাত তুলে দেওয়া এবং তাদের জীবনমানের উন্নয়নের জন্য আমি কাজ করছি। আমার বিরাট পরিবার, ১৭০ মিলিয়নের পরিবার। এদের আমি সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিতে চাই। আমাদের স্বপ্ন একটা সুন্দর বাংলাদেশ। আমার জীবনের কাম্য একটাই, দেশবাসীর মঙ্গল করা।’

নির্বাচন নিয়ে পশ্চিমা চাপ রয়েছে কি না এ প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘আমরা কখনো চাপের মুখে ছিলাম না। আমরা চাপের মধ্যে নেই। আমরা আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা কোনো চাপের মধ্যে নেই। আপনারা (গণমাধ্যম) বরং চাপের মধ্যে আছেন। আর আপনারা আমাদের চাপের মধ্যে ফেলতে চান।’

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘স্মার্ট বাংলাদেশ : দ্য ইয়ুথ পারসপেকটিভ’ শীর্ষক সেমিনারে ড. মোমেন বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ মানুষ মার্কিন ভিসা নিয়ে খুব একটা চিন্তিত নয়।’

মার্কিন ভিসানীতি ঘোষণার পর যুক্তরাষ্ট্রের স্কলারশিপ পাওয়ার পরও অনেক শিক্ষার্থীর ভিসা বাতিল হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘এটা যুক্তরাষ্ট্রের সরকারকে জিজ্ঞেস করেন। এটা তাদের বিষয়, আমাদের বিষয় না। এটা তাদের মাথাব্যথা, আমার না।’

তিনি আরও বলেন, ‘একসময় ভারতবর্ষ ছিল মূল আকর্ষণ। এখন আর সে অবস্থা নেই। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই, যেখানে দূতাবাসগুলো আমাদের ডেকে ভিসা দেবে। মানুষের ন্যায্য অধিকার বাড়িতে পৌঁছে যাবে। পাসপোর্ট পেতে তিন সপ্তাহ লাগবে না। এয়ারপোর্টে এসে কোনো অসুবিধা হবে না।’

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ড. মোমেন বলেন, ‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির দেশ নয়। গত কয়েক বছরে স্থিতিশীলতা ও নেতৃত্বের পরিপক্বতার কারণে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।’

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্কের ভাইস চেয়ার আবুল কালাম আজাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত