দেশের বাইরে সরকারের বিরুদ্ধে যেসব মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় তার যথাযথ জবাব দিতে পারছে না বলে মনে করছে সংসদীয় কমিটি।
আজ বুধবার জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
কমিটি বলেছে, যে পরিমাণ গুজব সরকারের বিরুদ্ধে রটানো হচ্ছে, অসত্য কথা বলা হচ্ছে তার সেই পরিমাণ জবাব দেখা দিতে দেখা যাচ্ছে না।
পরে সংসদীয় কমিটি বলে, দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও আরও কিছু মন্ত্রণালয় গুজবের জবাব দিয়ে থাকে। সেগুলো খুঁজে দেখে ওই মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার জন্য সুপারিশ করে কমিটি।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান গণমাধ্যমকে বলেন, সরকারের বিরুদ্ধে যেসব গুজব ও মিথ্যা তথ্য রটানো হচ্ছে তার জবাব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছি। একইসঙ্গে বলেছি তাদের (পররাষ্ট্র মন্ত্রণালয়) যদি জনবলের অভাব থাকে তাহলে অন্যান্য যেসব মন্ত্রণালয় এ নিয়ে কাজ করে তাদের সঙ্গে সমন্বয় করার জন্য।
