৫৫ কেজির ৯৪ ভরি সোনা উদ্ধার ৮ জন রিমান্ডে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৬ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থেকে সোনা চুরির ঘটনায় গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ আটজনকে গ্রেপ্তার দেখায়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে গ্রেপ্তার আটজনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাফফর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম (৩২), মো. সাইদুল ইসলাম সাহেদ (৩৩), আকরাম শেখ (৩৬), মো. মাসুম রানা (৩৩), সিপাহি মো. মোজাম্মেল হক (৩৫), নিয়ামত হাওলাদার (২৭), মো. রেজাউল করিম (৩৬) ও মো. আফজাল হোসেন (২৯)।

গতকাল বিকেলে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের পরিদর্শক রাশেদুল ইসলাম আসামিদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দুই আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। অন্য ছয় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ড আবেদনে বলা হয়, বিমানবন্দরের কাস্টমস লকার থেকে সোনা চুরির ঘটনায় এ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনার পর তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। ইতিমধ্যে তাদের কাছ থেকে ৯৪ ভরি সোনা উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া বাকি সোনা উদ্ধারের জন্য এবং এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত সে বিষয়ে তথ্য উদঘাটনের জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালে উদ্ধার হওয়া ৪৮টি ডিএম বার, যার মোট ওজন ৮.০২ কেজি ও ২০২০ থেকে ২০২৩ সালে বিভিন্ন সময়ে আটক ৩৮৯টি ডিএম বার, যার মোট ওজন ৪৭.৪৯ কেজি আলমারির লকার ভেঙে চুরি হয়। গত ২ সেপ্টেম্বর রাত ১২টা ১৫ থেকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কে বা কারা বর্ণিত স্বর্ণবার ও স্বর্ণালংকার গোডাউন থেকে স্টিলের আলমারির লকার ভেঙে চুরি করে।

চুরি হওয়া এ সোনার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। এদিকে পুরো ঘটনার তদন্তের জন্য কাস্টমসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টম হাউজ। ঘটনার পর চার রাজস্ব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। তারা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা সাইদুল ইসলাম সাহেদ, শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত