ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনায় পুলিশের অতিরিক্ত কমিশনার (এডিসি) হারুন-অর-রশীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এডিসি হারুনের বিষয়ে তাৎক্ষণিকভাবে যা করার, সেটি তারা করেছেন। এখন মামলা-তদন্ত এগুলো একটি প্রক্রিয়ায় হবে। তাৎক্ষণিকভাবে যেটা দরকার ছিল, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে তার জানামতে ভুক্তভোগীরা এখনো মামলা করেননি। ভুক্তভোগীরা মামলা করলে তার তদন্ত হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ছাত্রলীগ নেতারা বলছেন, শুধু সাময়িক বরখাস্তই নয়, হারুনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা করে বড় শাস্তি দিতে হবে। হারুনকে চাকরিচ্যুত করারও দাবি ওঠে ছাত্রলীগের পক্ষ থেকে। হারুন ইস্যুতে বেরিয়ে আসে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের সঙ্গে হারুনের বিরোধের নেপথ্য কাহিনিও। এমন পরিস্থিতিতে হারুনকে পুলিশ সদর দপ্তর থেকে রংপুর রেঞ্জে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। এ খবরের পর আরেকটি খবর বের হয়, এডিসি হারুনের সঙ্গে আজিজুল হক মামুনের স্ত্রী সানজিদাকেও রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। এ নিয়ে রংপুরে বিক্ষোভও করে ছাত্রলীগ।
