আজ শুক্রবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মুনিয়া মুক্তির (২২)। গতকাল বৃহস্পতিবার পাত্রপক্ষের আসার কথা ছিল মুনিয়ার গ্রামের বাড়ি সখীপুর উপজেলার গজারিয়া গ্রামে। হওয়ার কথা ছিল হলুদ সন্ধ্যা। কিন্তু বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মুনিয়া। বিয়ের প্রস্তুতি নেওয়া মুনিয়ার বাড়িতে এখন শোকের মাতম।
মুনিয়া ছাড়াও গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও সাতজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। দেশ রূপান্তরের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুর সংবাদদাতা জানান, সদ্য চাকরি পাওয়া এক পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয় গজারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে মুনিয়ার। কিন্তু বুধবার রাত সাড়ে ৮টার দিকে সখীপুর-নলুয়া-বাসাইল সড়কের বাসুলিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বিশ্ববিদ্যালয় হলে যাওয়ার পথে সখীপুর-নলুয়া-বাসাইল সড়কের বাসুলিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মুনিয়ার চাচতো ভাই আমিনুল ইসলাম বলেন, তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেলার ধনবাড়ীতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে দুজন এনজিও কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দড়িরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার মোতালেব হোসেন ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার হাতিবান্ধা গ্রামের জাহিদ হাসান। তারা বেসরকারি সংস্থা একটি এনজিওতে চাকরি করতেন।
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস মিয়া জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ওপর উল্টে যায়। এতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
গাজীপুর প্রতিনিধি জানান, জেলার পুবাইলে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুবাইল বাসস্ট্যান্ড ও খোকন ফিলিং স্টেশনের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. মাহবুব উজজামান এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি কাভার্ড ভ্যান কালীঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, শৈলকুপায় যাত্রীবাহী বাস ও ইঞ্জিনচালিত আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে গাড়াগঞ্জ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত স্বপন হোসেন (৪০) হরিনাকু-ু উপজেলার আক্কাচ আলীর ছেলে। অন্য নিহত ও আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-মাওয়া তথা বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জেলার শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামের এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নিরব হোসেন (২২) ঢাকার ভাটারা এলাকার মৃত আয়নাল সরকারের ছেলে।
