লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর লিগস কাপে মুখোমুখি হয়েছিলেন আটলান্টা ইউনাইটেডের। সেই ম্যাচে মেসি করেছিলেন জোড়া গোল। আজ বাংলাদেশ সময় রাতে এমএলএস-এ মায়ামি ম্যাচ খেলবে আটলান্টার বিপক্ষে। তবে এই ম্যাচে শুরু থেকে মেসি খেলবেন কি না তা নিয়ে আছে শঙ্কা।
সাফল্যের অবিশ্বাস্য সোনালি সময় পার করছেন মেসি। কাতার বিশ্বকাপ থেকে মেসি যেন ধরাছোঁয়ার বাইরে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন। কখনো শিরোপা না জেতা দল মায়ামিকে এনে দেন প্রথম ট্রফি। লিগস কাপ জয়ের পর ইউএস ওপেন কাপের ফাইনালেও উঠেছে মায়ামি। জাতীয় দলের হয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই ম্যাচেও দারুণভাবে শুরু করেছে মেসির আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে খেলেন মেসি, তার গোলেই জয় পায় দল। তবে বলিভিয়ার বিপক্ষে স্কোয়াডে ছিলেন না তিনি। তবে সহকারী কোচ হয়ে ছিলেন দলের সঙ্গে।
টানা ম্যাচ খেলার ওপর আছেন মেসি। তাই আটলান্টার বিপক্ষে ম্যাচে মেসিকে বিশ্রামও দেওয়া হতে পারে। মাঠে নামলেও পুরো ম্যাচ নাও খেলতে পারেন তিনি। মেসি আটলান্টার বিপক্ষে কতক্ষণ খেলবেন সেই প্রশ্নের উত্তরে কোচ জেরার্দো মার্তিনো বলেন, ‘ম্যাচের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের স্বাস্থ্য। আমরা কোনোরকম ঝুঁকি নেব না। তার স্বাস্থের বিষয়টি লক্ষ্য রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এমএলএস-এ এবারের মৌসুমে আটলান্টা আছে ছয় নম্বরে। ২৮ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট তাদের।
মেসি পুরোপুরি সুস্থ থাকলে চলতি মাসের বাকি সময়ে ইন্টার মায়ামির হয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবেন। যেখানে চারটি ম্যাচ এমএলএসে এবং অন্যটি হচ্ছে ইউএস ওপেন কাপ ফাইনাল। যার প্রথমটি আজ আটলান্টার বিপক্ষে। ইস্ট কনফারেন্সের সেরা দলগুলোর একটি হলো আটলান্টা।
চার দিন পর মায়ামির পরের ম্যাচ টরন্টো এফসির বিপক্ষে। তারা এ মুহূর্তে ইস্টার্ন কনফারেন্সের তলানিতে আছে। এ দলের বিপক্ষে পূর্ণ ফিট মেসিকে পাওয়া এবং সহজ জয়ের প্রত্যাশাই থাকবে সমর্থকদের। এরপর ২৫ সেপ্টেম্বর মেসিদের পরের ম্যাচের প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি। এই তিন ম্যাচের পর ২৭ সেপ্টেম্বর ইউএস ওপেন কাপের ফাইনালে মেসিদের প্রতিপক্ষ হিউস্টন ডায়নামো। এ ম্যাচে মেসির দিকেই থাকবে সবার নজর। সবকিছু ঠিক থাকলে মেসির হাত ধরে ইন্টার মায়ামি পেয়ে যেতে পারে নিজেদের ইতিহাসের দ্বিতীয় শিরোপাটি। আর এ মাসের শেষে মায়ামি এমএলএসের ম্যাচে মুখোমুখি হবে নিউইয়র্ক এফসির।
এমএলএসের প্লে-অফ বিবেচনায় নিলে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। এমএলএসের প্লে-অফ খেলা মায়ামি আর ৬ পয়েন্ট দূরে। ২৬ ম্যাচে ২৮ পয়েন্টে ১৪ নম্বরে মায়ামি।
