পঞ্চগড়ে শ্রমিক বিজিবি বিরোধ, আটক ৪

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৮ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত নদী মহানন্দায় পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিজিবি ও স্থানীয় পাথরশ্রমিকদের বিরোধের পর লাঠিচার্জে ১২ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে ভাদ্রুবাড়ি এলাকায় শ্রমিকরা পাথর উত্তোলন করতে গেলে বাধা দেয় বিজিবি। এ সময় বিজিবি সদস্যদের অবরুদ্ধ করে রাখেন শ্রমিকরা।

এদিকে বিজিবির লাঠিচার্জে অনেক নারী-পুরুষ আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন পাথর শ্রমিকরা। তাদের মধ্যে ১২ জনকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে বিজিবি বলছে, লাঠিচার্জের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আটক শ্রমিকরা হলেন তেঁতুলিয়ার ভাদ্রুবাড়ি এলাকার ট্রাক্টরচালক সোলেমান আলী (৩০), একই এলাকার পাথর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (২৪), রণচ-ী এলাকার ট্রাক্টরচালক অমিত হাসান (২৩) ও পঞ্চগড় সদর উপজেলার তালমা এলাকার ট্রাক্টরচালক শিমুল হাসান (২৮)।

আহতরা হলেন ভাদ্রুবাড়ি এলাকার আমিনুর (২৮), সবিরন (৭০), ইমারন (৭০), মালতি (৩৫), আকলিমা (৪০), আতুল (৪০), ছালেমা (৭০), জোসনা, আঞ্জুনা (৩০), সালেকা (৫২) ও সরকারপাড়া এলাকার রাসেল (৩২)। 

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ভাদ্রুবাড়ি এলাকার মালতী রানী বলেন, ‘মহানন্দায় পাথর উত্তোলন করতে গেলে বাধা দেয় বিজিবি। দুপুরে কয়েক গাড়ি বিজিবি এসে আমাদের মারধর শুরু করে। লোকজনকে গুলির ভয় দেখায়। আমার স্বামীকে মারধর করার সময় আমাকেও মারধর করে।’

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল যুবায়েদ হাসান বলেন, ‘সীমানা অতিক্রম করে একটি চক্র পাথর উত্তোলন করতে গেলে বিজিবি বাধা দেয়। এ সময় তারা আমাদের ৬-৭ জন্য বিজিবি সদস্যকে অবরুদ্ধ করে রাখে। এর ফাঁকে সীমান্ত থেকে ট্রাক্টরগুলো সরিয়ে নেয় তারা। পরে আমাদের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। লাঠিচার্জের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত