বাংলাদেশ সরকারের কাছে ১৫টি দাবি জানিয়েছে প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। সংগঠনটি মনে করছে ‘যৌক্তিক’ এই দাবিগুলো বাস্তবায়ন করলে প্রবাসীদের মধ্যে সরকারের ভাবমূর্তি এবং দেশে রেমিট্যান্স প্রবাহ অনেকাংশে বাড়বে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান।
দাবিগুলোর মধ্যে রয়েছে অসহায় প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে আনার ব্যবস্থা, প্রবাসী ভাতা চালু, সীমারেখা না রেখে ওয়েজ আর্নার্স বন্ড বিক্রি, উপজেলাভিত্তিক প্রবাসী পল্লী ও সরকারি প্লট-ফ্ল্যাট কেনায় অগ্রাধিকার এবং স্বল্প সুদে ঋণ, বিনিয়োগের জন্য আলাদা ইকোনমিক জোন, কর্মস্থলে যাতায়াতে বিমান ভাড়া সহনীয় করা ও ভ্রমণ কর তুলে নেওয়া এবং সরকারের নেওয়া সিদ্ধান্তের ক্ষেত্রে নীতি নির্ধারণী কমিটিতে প্রবাসীদের পক্ষ থেকে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনকে অন্তর্ভুক্ত করা, আর্থিক সহযোগিতা, দেশে বিমানবন্দরগুলোতে হয়রানি বন্ধ এবং সব মন্ত্রণালয়ে প্রবাসী সহায়তা ডেস্ক চালু, প্রবাসী উদ্যোক্তাদের দেশে সামাজিক মর্যাদায় সম্মানিত করে উৎসাহিত করা। সংবাদ সম্মেলনে সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি থাতেইয়ামা কবির, সহসভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম আর খান শাহিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফুর রহমান ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত উপস্থিত ছিলেন।
