ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পাথরবোঝাই করে গতি পরীক্ষা করেছে মালবাহী ট্রায়াল স্পেশাল ট্রেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। মাওয়া থেকে সকাল সাড়ে ৯টার দিকে ফের ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে। এই প্রথম পদ্মা সেতু পার হয়ে মালবাহী ট্রেনের গতির পরীক্ষা হলো।
ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা থেকে ২৮ কিলোমিটার দূরের মাওয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে মালবাহী ট্রায়াল ট্রেনটি রওনা হয়। ট্রেনটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া স্টেশনে গিয়ে থামে। মালবাহী ট্রায়াল স্পেশাল ট্রেনটি সকাল ৯টা ৬ মিনিটে মাওয়া স্টেশনে পৌঁছায়। যাত্রাপথে ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। এরপর মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে সকাল সাড়ে ৯টার দিকে রওনা হয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গায় আসে।
ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, ‘সকাল থেকে যাওয়া-আসা মিলিয়ে দুইবার পদ্মা সেতু পার হয়ে পাথর ভর্তি মালবাহী ট্রেনের গতি পরীক্ষা করা হয়। সাতটি বগির মাধ্যমে এই মালবাহী ট্রায়াল ট্রেনটি ভাঙ্গা স্টেশনেই ছিল। এর আগে এই ট্রেনটি করেই পদ্মা সেতুর রেল প্রকল্পের পাথর আনা নেওয়া করা হতো।’
তিনি আরও বলেন, ‘সব ঠিক থাকলে আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের উদ্বোধন করবেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে এই রেলপথ বাণিজ্যিকভাবে চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ বলেন, ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশে রেল চলাচলের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে।’
গত ৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে।
