জামালপুর সদর উপজেলায় বাবা আহাদ আলী বেপারীর (৬৫) মৃত্যুর মাত্র এক ঘণ্টার ব্যবধানে হৃদরোগে আক্রান্ত হয়ে ছেলে মন্টু বেপারীর (৩৫) মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ সেপ্টম্বর) সকালে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘোড়াধাপ ইউনিয়নের জোঁকা বেপারী পাড়া এলাকার আহাদ আলী বেপারী ফজরের নামাজ আদায়ের পর হৃদরোগে আক্রান্ত হন। এ সময় ছেলে মন্টু বেপারী বাবা আহাদ আলীকে হাসপাতালে নিতে সিএনজি অটোরিকশা খুঁজতে থাকেন। তিনি প্রায় এক কিলোমিটার হেঁটে গিয়ে সিএনজি অটোরিকশা নিয়ে আসেন। সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি ফিরে তিনিও হৃদরোগে আক্রান্ত হন। এ সময় পরিবারের অন্য সদস্যরা দেখেন আহাদ আলী এবং ছেলে মন্টু বেপারী দুজনের দেহ নিথর হয়ে গেছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনসার আলী জানান, বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ জোহর জানাজা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে বাবা-ছেলের পাশাপাশি দাফন সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবা-ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পরও তিনি জীবিত আছে মনে করে ছেলে চিকিৎসার জন্য সিএনজি অটোরিকশা খুঁজে আনেন। এ সময় ছেলে মন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে সেও মারা যায়।
