রাঙ্গামাটিতে সমাবেশ

শিক্ষায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫% কোটা দাবি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৭ এএম

দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৫% কোটা চালু করার দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। গতকাল রবিবার সকালে রাঙ্গামাটিতে এক ছাত্রসমাবেশে সংগঠন দুটির নেতারা এ দাবি জানান। জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক টিকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য উলিচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থোয়াইক্য জাই চাক, রাঙ্গামাটি জেলা যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ম্রনুচিং মারমা।

ছাত্রসমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ‘তিন পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি ও বর্গা (বদলী) শিক্ষকের কারণে পাহাড়ের ছাত্রছাত্রীরা মানসম্মত শিক্ষাব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে।’ ছাত্রসমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়নেরও দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত