তিতাস এমডির অনিয়ম তদন্তে কমিটি গঠন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৯ এএম

প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে ঘুষের বিনিময়ে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়াসহ নানা অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আগামী ২০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে গতকাল রবিবার ওই কমিটি গঠন করে অফিস আদেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জ্বালানি বিভাগের চিঠির পাশাপাশি কিছু অভিযোগের সূত্র ধরে ‘তিতাস এমডির ঘুষ বাণিজ্য!’ শিরোনামে গতকাল রবিবার দেশ রূপান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মো. আলতাফ হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একজন প্রতিনিধি, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (ইএসডি) ডিএম জোবায়েদ হোসেন, মহাব্যবস্থাপক (নিরীক্ষা) শামীম হাসান সদস্য হিসেবে রয়েছেন। এ ছাড়া পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (এইচআর) মো. শহিদুল ইসলাম বিন হেলালকে সদস্য সচিব করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কমিটির একজন সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘বিকেলে চিঠি পেয়েছি। অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দিতে পারব বলে আশা করছি।’

সংশ্লিষ্ট সূত্রমতে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নাম ব্যবহার করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুনুর রশিদ মোল্লাহ ঘুষের বিনিময়ে শিল্পে গ্যাস সংযোগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নজরে আসার পর গত ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জ্বালানি বিভাগে চিঠি দিয়ে পরীক্ষা করে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠি পেয়ে বিষয়টি এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য গত ১২ সেপ্টেম্বর পেট্রোবাংলাকে নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

ঘুষের বিনিময়ে কারখানায় গ্যাস সংযোগ দেওয়া ছাড়াও আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগে অনিয়ম, উৎকোচ নিয়ে ঘুষের বিভিন্ন প্রতিষ্ঠানের জরিমানা মওকুফ, বিল বকেয়া থাকা সত্ত্বেও সংযোগ বিচ্ছিন্ন না করা, সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার করাসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে তিতাস এমডির বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জানতে তিতাসের এমডির মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। পরে বিষয়বস্তু লিখে তাকে খুদে বার্তা পাঠানো হলেও তার সাড়া মেলেনি।

২০২১ সালে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান হারুনুর রশিদ। পরে দ্বিতীয় দফায় আরও এক বছরের জন্য নিয়োগ পান তিনি। সম্প্রতি আবারও তার মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।

গ্যাস সংকটের কারণে ২০১০ সাল থেকে দেশে আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। অন্যদিকে নানারকম যাচাই-বাছাই ও বিবেচনা করে সীমিত পরিসরে শিল্পে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। শিল্পে গ্যাস সংযোগের জন্য দীর্ঘদিন ধরে কয়েকশ আবেদন জমা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত