মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মামলায় গ্রেপ্তার ১০ আসামির মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুলের সমাজবিজ্ঞান বিষয়ের বহিষ্কৃত শিক্ষক মাকসুদা আক্তার মালাসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেয়। একই মামলায় অন্য চার আসামির রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ডে পাঠানো অন্য আসামিরা হলেন ডা. অনিমেষ কুমার কু-ু, ডা. কেএম বশিরুল হক, ডা. ইউনুচ উজ্জামান, ডা. জাকারিয়া আশরাফ ও ডা. জাকিয়া ফাবিরা। তাদের মধ্যে অনিমেষ, বশিরুল ও ইউনুচের চার দিন এবং অন্যদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন ডা. মৈত্রী সাহা, ডা. সাবরিনা নুসরাত রেজা টুসী, ডা. মুস্তাহিন হাসান লামিয়া ও ডা. নাজিয়া মেহজাবিন টিশার।
গত ১৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা প্রশ্ন ফাঁসের মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে গতকাল রিমান্ড শুনানির দিন ঠিক করে। এদিন শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে আইনজীবী কাজী নজিবউল্যাহ হিরুসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
গত ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ১২ চিকিৎসকসহ ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি।
