বিআরটিসির কথিত সিবিএ নেতা আফতাব গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ এএম

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বগুড়া বাস ডিপোতে বদলি করা কারিগর বিআরটিসির শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) কথিত নেতা আফতাব উদ্দিন চৌধুরীকে অর্থঋণ মামলায় আটক করা হয়েছে। অর্থঋণ মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গত সোমবার রাত ৮টার দিকে তাকে মতিঝিল থানা পুলিশ আটক করে। এর আগে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে বিআরটিসির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যকলাপে লিপ্ত ছিলেন বলে জানিয়েছে মতিঝিল থানা পুলিশ।

এ বিষয়ে বিআরটিসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমরা শুনেছি আফতাব উদ্দিন চৌধুরী প্রতরণা ও অর্থঋণ মামলায় পুলিশের হাতে আটক হয়েছেন। আফতাব চৌধুরী কারিগর-সি, বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগের বৈধ সদস্য না হয়েও সেক্রেটারির নাম ব্যবহার করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। সেই সঙ্গে বিআরটিসির ভাবমূর্তিও নষ্ট করেছেন। বিভিন্ন মামলা-মোকদ্দমায় হেরে গিয়ে বারবার বিআরটিসিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। শ্রম আদালতের আপিল ট্রাইব্যুনাল ও হাইকোর্টেও হেরে যান। বিভিন্নভাবে শ্রমিক-কর্মচারীদের কাছ থেকে চাঁদা দাবি করতেন। তার নোংরামি শুধু বিআরটিসিতে সীমাবদ্ধ নয়। তিনি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় খেলাপি হিসেবে প্রমাণিত হয়েছেন। অবশেষে গ্রেপ্তার হয়ে পুলিশ হাজতে আছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘একসময়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সেবা ছিল ধীরগতির। তখন মানুষ বাধ্য না হলে বিআরটিসির সেবা নিতে চাইত না। বাসের জন্য অপেক্ষা করতে হতো ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু পুরনো সেই চিত্র আর নেই বললেই চলে। এখন রাস্তায় বের হলেই বেসরকারি প্রতিষ্ঠানের বাসের সঙ্গে সঙ্গে বিআরটিসি বাসও দেখা যায়। বর্তমানে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ, পতেঙ্গায় পর্যটন বাস, ২০টি জায়গায় কারিগরি প্রশিক্ষণসহ দেশের ৬৩ জেলায় নিরবচ্ছিন্ন যাত্রীসেবা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে যাত্রীসেবার মানোন্নয়ন ও পণ্য পরিবহন সেবায় গতির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। এখন পরিবহন সেবার আইকনিক হওয়ার পথে বিআরটিসি। আর সেই সময়ে আফতাবসহ কিছু অসাধু ব্যক্তি বর্তমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানাভাবে চক্রান্তে লিপ্ত হয়েছেন। বিআরটিসিরি শ্রমিকদের মাঝে এক প্রকার অস্থিরতা তৈরি করছিল। এ ছাড়া এই আফতাবের সঙ্গে বিআরটিসির প্রধান কার্যালয়ের কিছু অসাধু সিনিয়র কর্মকর্তার যোগসাজশ রয়েছে। তারা  বিআরটিসির সুনাম নষ্ট করার জন্য নানা অপকর্মে লিপ্ত রয়েছেন।’

জানা গেছে, গতকাল মঙ্গলবার পুলিশ আদালতে হাজির করলে আফতাব উদ্দিন চৌধুরীকে কারাগারে পাঠায় আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত