অস্ত্রের ব্যবহার বাড়ছে তিন পার্বত্য জেলায়

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ এএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের তিন পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ছে। এতে পাড়া-মহল্লার মানুষ ভীতসন্ত্রস্ত রয়েছে এবং নীরবে সন্ত্রাস ও চাঁদাবাজির সম্মুখীন হচ্ছে। দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এমন আশঙ্কা ব্যক্ত করে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। জানা গেছে, কমিটির আগের বৈঠকে পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সেখানে কমিটির সদস্য দীপংকর তালুকদার বলেন, ‘পার্বত্য এলাকা মাঝেমধ্যে অবৈধ অস্ত্রধারীদের কারণে অশান্ত হয়ে ওঠে।’ তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগেই তিন পার্বত্য জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেন।

পার্বত্য এলাকায় পাড়া-মহল্লাসহ বিভিন্ন স্থানে নীরবে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাওয়ায় বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন কমিটির সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেন তিনি।

আমন্ত্রিত অতিথি হিসেবে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, ‘পার্বত্য বান্দরবানে বর্তমানে বিভিন্ন দল-উপদলের কারণে পাড়া-মহল্লার মানুষ ভীতসন্ত্রস্ত রয়েছে এবং মানুষ নীরবে সন্ত্রাস ও চাঁদাবাজির সম্মুখীন হচ্ছে। গত পাঁচ বছরে এখানে বিনা বিচারে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত