আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপির সব আন্দোলন বিফলে গেছে। এখন তারা লোকদেখানো পদযাত্রা শুরু করেছে। তাদের কোনো আন্দোলন সফল হয়নি। সব আন্দোলন বিফলে গেছে। শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করলেও দেশ ছেড়ে পালিয়েছে তারেক রহমান।’
গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে গ্রিন হাউজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দেশে আলুর দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, চলতি বছর দেশের আলুর আবাদ কম হয়েছে। পাশাপাশি দেশের আলু বাইরে রপ্তানি করা হয়েছে। তাই দেশের বাজারে আলুর দাম বেড়েছে। তবে আলুর দাম বাড়লে আলুর বীজের দাম গত বছরের মতো থাকবে।
পরে তিনি ইনস্টিটিউটের হলরুমে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিকেলে বিনা উদ্ভাবিত তেলজাতীয় ও অন্যান্য ফসলের জাতের সম্প্রসারণবিষয়ক আঞ্চলিক কর্মশালায় অংশগ্রহণ করেন মন্ত্রী।
