বঙ্গবন্ধু ও জেল হত্যা মামলার অন্যতম সাক্ষী কমোডর (অব.) গোলাম রাব্বানী হত্যা মামলায় খালাস পাওয়া আসামি মো. সাইফুল ইসলাম ওরফে বিলাই সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম রায় এই রায় দেন।
বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট অশোক কুমার দাশ জানান, ২০০৫ সালের ৫ এপ্রিল একই আদালত চাঞ্চল্যকর এই মামলায় সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছিল। ওই রায়ে আসামি সাইফুল ইসলামকে খালাস দিয়েছিলেন আদালত। রায়ের বিরুদ্ধে বাদী পক্ষ ২০০৫ সালে হাইকোর্টে আপিল করেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষ দুই আসামি আবু নাসের ও হুমায়ুন কবিরের সাজা বৃদ্ধি চেয়ে এবং আসামি সাইফুলের খালাসের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করে। শুনানির পর ২০০৫ সালের ২ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন।
রাষ্ট্রপক্ষের পুনর্বিবেচনার আবেদন শুনানি শেষে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ আসামি সাইফুলের বিরুদ্ধে নতুন করে রায় দিতে বিচারিক আদালতে নথি ফেরত পাঠিয়ে দেন। ওই রায়ে আসামি আবু নাসের চৌধুরী ও হুমায়ুন কবির চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। একই রায়ে অপর আসামি মো. সেলিমের যাবজ্জীবন কারাদণ্ড বহাল এবং অপর আসামি সোহেল ওরফে আবদুল মালেককে খালাস দেন হাইকোর্ট।
প্রসঙ্গত, ২০০৪ সালে ১১ এপ্রিল গুলিবিদ্ধ হন গোলাম রাব্বানী। সে সময় তিনি কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন।
আদালত সূত্র জানায়, এ ঘটনায় কেইপিজেডের সাবেক পরিচালক আবু নাসের চৌধুরী ও কর্মচারী হুমায়ুন কবির চৌধুরীর নাম উল্লেখ করে নগরের পাঁচলাইশ থানায় ২০০৪ সালের ১১ এপ্রিল কেইপিজেডের সাইট ইঞ্জিনিয়ার এ কে এম এমতাজুল ইসলাম এজাহার দায়ের করেন।
