মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আসবে ৭ অক্টোবর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৪ এএম

যুক্তরাষ্ট্র আগামী ৭ অক্টোবর বাংলাদেশে প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন পাঠাবে। মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার গতকাল ঢাকায় আমেরিকান সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, প্রতিনিধিদলটি ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে এবং এতে ছয়জন প্রতিনিধি ও সহায়তাকর্মী থাকবেন।

ব্রায়ান শিলার বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইর ঘোষণাপত্রের নীতিমালা অনুযায়ী মিশনটি পরিচালিত হবে। মিশনটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব দলসহ সুশীল সমাজের সংগঠন, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে বৈঠক করবে।

তিনি জানান, সফর শেষে প্রতিনিধিদলটি ইতিবাচক ধারার পাশাপাশি উদ্বেগের ক্ষেত্রগুলোকে চিহ্নিত ও বাস্তবসম্মত সুপারিশ প্রদান করে একটি গণবিবৃতি দেবে।

শিলার বলেন, দলটি সম্ভাব্য আন্তর্জাতিক স্টেকহোল্ডার, ওয়াশিংটন ডিসিতে নীতিনির্ধারক ও বাংলাদেশের নির্বাচনী অখণ্ডতা সমর্থনকারী নির্বাচনী এলাকার সঙ্গে একাধিক ব্রিফিং এবং পরামর্শের আয়োজন করবে।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) স্বাধীন ও নিরপেক্ষ যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনের (পিইএএম) প্রাথমিক ভূমিকা হচ্ছে নির্বাচন প্রস্তুতি ও নির্বাচনী প্রেক্ষাপটে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য প্রদান এবং নির্বাচনের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে কি না, তা নির্ধারণ করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত