জিএম কাদের বললেন

গণমাধ্যমের কণ্ঠরোধে সাইবার সিকিউরিটি আইন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ এএম

গণমাধ্যমের কণ্ঠরোধ করতে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘সাইবার সিকিউরিটি আইনে যেকোনো সংবাদকেই সরকার রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য করতে পারবে ও গণমাধ্যমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর অভিযোগে মামলা করতে পারবে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে জাপা চেয়ারম্যানের রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পেশাজীবী সমাজের এক সভায় জিএম কাদের এসব কথা বলেন। সভায় জাতীয় পেশাজীবী সমাজের সভাপতি ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মোস্তাফিকুর রহমান আকাশ সভাপতিত্ব করেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘এখন গণমাধ্যমে সেলফ সেন্সরশিপ চলছে, আগামীতে কোনো সেন্সর দরকার হবে না। কারণ সাইবার সিকিউরিটি আইনের ফলে গণমাধ্যম কোনো সংবাদই করতে পারবে না। এতে সব নিউজ চ্যানেল বন্ধ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। নিউজের পরিবর্তে টেলিভিশনে গান-বাজনা ও নাটক চলবে, কেউই আর সংবাদ পরিবেশন করতে পারবে না।’

জিএম কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে আমরাও শঙ্কিত। দুটি পক্ষ যেভাবে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়েছে তাতে সাধারণ মানুষের মধ্যে সহিংসতার আশঙ্কা সৃষ্টি হয়েছে। একটি দলের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা জিততে না পারলে যেন তাদের মৃত্যু হবে। আবার ক্ষমতায় না থাকতে পারলে ভবিষ্যতে বর্তমান সরকারের দুর্গতি হবে এই ভেবে সরকারি দল ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে উঠেছে। দেশ ও জাতিকে বাঁচাতে দায়িত্বশীল রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে।’

এ সময় জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির টানাটানিতেই প্রমাণ হচ্ছে জাতীয় পার্টি ক্ষমতার নিয়ামক শক্তি। আওয়ামী লীগ ও বিএনপি জাতীয় পার্টিকে পাশে পেতে চাচ্ছে। দল দুটি ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছে। দেশের জনগণের কথা তারা ভাবে না। জাতীয় পার্টিই জনগণের জন্য রাজনীতি করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত