নাসিমকে ছাড়াই পাকিস্তান দল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৯ এএম

শেষ পর্যন্ত পেসার নাসিম শাহকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাকিস্তান। চোটের কারণে তার বিশ্বকাপে খেলা হচ্ছে না। গতকাল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করে পাকিস্তান। নাসিমের  চোট কপাল খুলে দিয়েছে হাসান আলীর। শেষ মুহূর্তে নাসিমের জায়গা নিয়েছেন এই ডানহাতি পেসার। এছাড়া লেগ স্পিনার উসামা মিরকেও রাখা হয়েছে চূড়ান্ত দলে।

উসামার ওয়ানডে অভিষেক হয় এ বছরের শুরুতে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। মাত্র আট ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়েই বিশ^কাপে যাচ্ছেন তিনি। ছিলেন না এশিয়া কাপের স্কোয়াডেও। ফাহিম আশরাফের জায়গায় দলে ঢুকছেন। নাসিমের বদলে সুযোগ পাওয়া হাসান অনেক দিন ধরেই পাকিস্তান দলের বাইরে। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত জানুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টে। আর সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুনে।

নির্বাচক ইনজামাম-উল-হক জানান, হাসানকে দলে নেওয়ার কারণ তার অভিজ্ঞতা। ‘পাকিস্তানের হয়ে বড় টুর্নামেন্টে ভালো করেছে সে। নাসিমের জায়গায় আমাদের এমন কাউকে দরকার ছিল, যে নতুন বলে বোলিং করতে পারবে। হাসান নতুন, পুরোনো দুই বলেই ভালো বোলিং করে।’ এশিয়া কাপ চলাকালে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন নাসিম শাহ। এশিয়া কাপে ভালো করতে পারেনি পাকিস্তান। সুপার ফোর পর্ব শেষ করে পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে। আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে পাকিস্তান। ব্যাটিং লাইনআপ অনুমিতই। ফখর জামান ও ইমাম উল হকের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে আছেন আবদুল্লাহ শফিক।

পাকিস্তানের বিশ্বকাপ দল

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আঘা, ঊসামা মির, সৌদ শাকিল, হাসান আলী।

রিজার্ভ: মোহাম্মদ হারিস, আবরার আহমাদ, জামান খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত