ঢাকায় হোটেল কক্ষে শিক্ষকের ঝুলন্ত লাশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৯ এএম

রাজধানীর সেগুনবাগিচায় একটি আবাসিক হোটেল থেকে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মনিন্দ্রনাথ বাড়ৈ (৪৭)। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সেগুনবাগিচায় হোটেল দা গ্র্যান্ড হায়াতের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।  মনিন্দ্রনাথ মাদারীপুর রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নৈয়ারবাড়ি গ্রামে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী জানান, গত ২০ সেপ্টেম্বর বিকেলে স্কুলের কাজে কথা বলে গ্রাম থেকে ঢাকায় আসেন তিনি। এসে সেগুনবাগিচার ওই আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি রুমে ওঠেন। বৃহস্পতিবার হোটেল ছাড়ার কথা ছিল তার। কিন্তু হোটেল থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ দরজা নক করে তার কোনো সাড়া পায় না। এরপর বিকেলে আবার দরজা ধাক্কাধাক্কি করেও কোনো কাজ না হলে থানায় খবর দেন তারা।

এসআই আরও জানান, খবর পেয়ে রাতে ওই হোটেলে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায়, ওই ব্যক্তি ফ্যানের সঙ্গে বিদ্যুতের তার পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। পরে ঝুালন্ত অবস্থা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

মনিন্দ্রনাথের ভাগ্নে প্রসেন জিৎ বাগচী জানান, গত ২০ সেপ্টেম্বর স্কুলের কাজের কথা বলে গ্রাম থেকে ঢাকায় আসেন তিনি।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে পরিবারের কেউ তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। রাতে পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন, ঢাকায় একটি হোটেলে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কেও তারা কিছুই ধারণা করতে পারছেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত