আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্যাঞ্চলে একটি তল্লাশি চৌকিতে ট্রাক বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন মানুষ।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা আল জাজিরা।
স্থানীয় সময় শনিবার বেলেডওয়েন শহরের ব্যস্ততম একটি আবাসিক এলাকায় তল্লাশি চৌকিতে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।
হিরশাবেলের মানবিক ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবদিফাতাহ মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, এই বিস্ফোরণে ৪০ জন আহত হয়েছেন।
তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, "আহতদের মধ্যে ২০ জনকে বেলেডওয়েন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও ২০ জনের অবস্থা গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিমানে করে মোগাদিশুতে নেয়ার অনুরোধ জানানো হয়েছে।"
বিস্ফোরণের পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। তবে হর্ন অব আফ্রিকার এই দেশটিতে প্রায়ই এ ধরনের বোমা হামলা চালায় স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।
বিস্ফোরণের কারণে তল্লাশি চৌকিসহ আশপাশের ভবন ও দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে পুলিশ কর্মকর্তা আহমেদ এডেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায় যে স্থানীয় বাসিন্দারা ধ্বংসপ্রাপ্ত ভবনগুলির ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছেন।
প্রত্যক্ষদর্শী আব্দিকাদির আরবা বলেন, "এটি একটি বিস্ফোরক যন্ত্র বোঝাই একটি ট্রাক ছিল যা দ্রুতগতিতে তল্লাশি চৌকির মধ্য দিয়ে যাচ্ছিল এবং নিরাপত্তা কর্মীদের একটি পিক-আপ গাড়ি এটিকে ধাওয়া করছিল যখন এটি বিস্ফোরিত হয়।
মধ্য সোমালিয়ার হিরান অঞ্চলে অবস্থিত এই শহরটিতে ঘটিত এই বিস্ফোরণের দায় এখন পর্যন্ত কোন গোষ্ঠী স্বীকার করেনি। তবে এই অঞ্চলে প্রায়ই সামরিক বাহিনী এবং আল-শাবাব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হয়ে থাকে। সরকারের পতন ঘটিয়ে দেশটিতে কঠোর ইসলামি শরিয়া আইন চালুর লক্ষ্যে লড়ছে তারা।
