জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তার বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। তিনি বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবির ওপর অর্পিত যেকোনো দায়িত্ব পালন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।’
গতকাল রবিবার ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ফোর্স সাপোর্ট উইংয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন বিজিবি প্রধান। বিজিবি মহাপরিচালক বলেন, ‘২২৮ বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যে লালিত ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে এ বাহিনীর (তৎকালীন বিডিআর) রয়েছে অবিস্মরণীয় অবদান। প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার মহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে।’
