বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে সবশেষ ম্যাচ তো বটেই, ২০২৩ সালে ঘরের মাঠেও সবশেষ ওয়ানডে ম্যাচটা বাংলাদেশ খেলবে আজ। বিশ্বকাপ যাত্রার আগে তাই শেষটা হোক ভালো, ঘরের মাঠে জিতেই দেশ ছাড়ুক সাকিব আল হাসানের দল; ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা এমনটাই। সেই সঙ্গে অক্ষুণ্ন থাকুক নিউজিল্যান্ডের ২০০৮ সালের পর থেকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ না হারার গৌরবটাও।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের শেষটা খেলার পরদিনই বাংলাদেশ দলকে দেশ ছাড়তে হবে গৌহাটির উদ্দেশ্যে। যেখানে বরষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার মাধ্যমে ২০২৩ বিশ্বকাপের মূল অনুষঙ্গে ঢুকে পড়বে বাংলাদেশ। আজকের ম্যাচের পর দেশের মাটিতে ওয়ানডে ম্যাচ ফিরতে ফিরতেও মাস পাঁচেক। বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের সঙ্গে দুটো টেস্ট আছে দেশে, এরপর ডিসেম্বরে নিউজিল্যান্ডে গিয়ে খেলতে হবে তিনটা ওয়ানডে ও তিনটা টি-টোয়েন্টি। বছরটা ওখানেই শেষ করবে বাংলাদেশ। দেশে ফেরার পর সবাই মেতে উঠবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার, তখন দেশের মাটিতে ফিরবে ওয়ানডে। তাই মাস পাঁচেক ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলতে না পারার আগে, শেষ ম্যাচটা তো জিততে চাইবেই বাংলাদেশ।
বাংলাদেশের নির্বাচকদের নিয়ে সাংবাদিকরা সবসময়ে একটা আতঙ্কে থাকেন, এই বুঝি মাঝরাতে কাউকে দলে নেওয়ার বার্তা এলো! নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বিশ্বকাপ দলে যারা থাকছেন এমন সম্ভাব্য খেলোয়াড়দের বিশ্রাম দিয়েই প্রথম দুই ওয়ানডের দল দিয়েছিলেন তারা। দ্বিতীয় ওয়ানডের আগে রাত সাড়ে ৮টায় জানানো হয়েছে, দ্বিতীয় ওয়ানডের দলে যোগ করা হয়েছে বিশ্রামে থাকা হাসান মাহমুদকে।
দ্বিতীয় ওয়ানডেতে হারের পর বিশ্রামে থাকা সাকিব আল হাসান বাদে বাকি প্রায় সবাইকেই দলে ফিরিয়ে আনলেন নির্বাচকরা। মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম সবাই ফিরলেন। নাজমুল হাসান শান্ত ফিরলেন অধিনায়ক হিসেবে কারণ লিটন দাস বিশ্রামে। তামিম ইকবাল আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের প্রথমটির পর সেই যে কান্নাকাটি-অভিমান-অবসর এরপর দুবাই ঘুরে লন্ডনে চিকিৎসা নিয়ে নগদের হয়ে ক্যাম্পেইন চালিয়ে ওয়ানডে দলে ফিরলেন এশিয়া কাপের পর, তিনিও এক ম্যাচে ব্যাটিং করেই আবার বিশ্রামে। দলের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের পর আবারও রাত পৌনে ৮টায় বিসিবির বার্তা, দলে এসেছেন আফিফ হোসেন ও খালেদ আহমেদ। তিন ওয়ানডের জন্য দল দিতে গিয়ে কতবার যে মত পাল্টেছেন নির্বাচকরা, তাতে বোঝাই যাচ্ছে বিশ্বকাপ দল নিয়েও তারা এখনো নিঃশঙ্ক নন।
কিছুদিন আগে, বিশ্বকাপের সব ভেন্যুর কিউরেটরদের সভায় আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছিল যে উইকেটে যে রান উৎসব হয়। অমন বিশ্বকাপের আগে এই উইকেটে খেলে কী প্রস্তুতিটা হচ্ছে তা কর্তারাই জানেন। যেটা কিউই ক্রিকেট কর্তারা জানেন বলেই ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেলদের মতো ব্যাটসম্যানদের পাঠাননি। স্পিনের ফাঁদ বানিয়ে ইশ সোধির স্পিনেই কুপোকাত হয়েছে বাংলাদেশ। আজ শেষ ওয়ানডে, আজ হারলে শুধু ২০০৮ সালের পর দেশে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজই হারা হবে না, লাগবে বিশ্বকাপের স্বপ্নে জোরালো ধাক্কাও।
