আইজিপি বললেন

ভিসানীতিতে পুলিশে ইমেজ সংকট হবে না

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১ এএম

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি প্রয়োগের ফলে বাংলাদেশ পুলিশে ইমেজ সংকট হবে না বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল সোমবার রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টার্সে আয়োজিত ‘কমবেটিং ফিউচার চ্যালেঞ্জস ইন ট্যুরিজম সিকিউরিটি : বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ পারস্পেকটিভ’ শীর্ষক সেমিনার শেষে তিনি এ কথা বলেন।

ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয়, কিন্তু অস্ত্র উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না। জাতীয় নির্বাচনে এসব অস্ত্র কোনো প্রভাব ফেলবে কি না এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘যার কাছে অস্ত্র থাকে এবং প্রদর্শিত হয়, তখন সর্বোচ্চ চেষ্টা দিয়ে পুলিশ কাজ করে। জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা হবে কি না এ প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে করা হবে। কৌশলগত কারণে এটি আমি বলতে চাচ্ছি না।’

সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে আহত আইনজীবী ভুবন চন্দ্র শীল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সামনে নির্বাচন, এমন পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, ‘যেকোনো ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের কোনো সদস্য জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হয় না। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন আসছে, নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশন করে থাকে। নির্বাচন সময়ে নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের দেবে, সেই দায়িত্ব পুলিশ যথাযথভাবে পালন করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত