গান গেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলাদা পরিচিতি পেয়েছেন হিমেল রনি। বন্ধু ও অনুরাগীদের অনুপ্রেরণায় বিভিন্ন গান কভার করে ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে শুরু করেন। সেখানেও ভক্ত জুটেছে বেশ। তাই তো এবার সাহস করলেন মৌলিক গান করার। প্রথম মৌলিক গান হিসেবে বেছে নিয়েছেন লোক আঙ্গিকের গান। গানটির নাম দিয়েছেন ‘সখী ফুল কুড়াইস না’। আর তাতে মডেল হয়েছেন অসংখ্য মিউজিক ভিডিও করে নিজের জায়গা করে নেওয়া শেখ সাদী। তার বিপরীতে দেখা যাবে স্নিগ্ধাকে। গানটির কথা লিখেছেন আরকে মৃদুল, সুর করেছেন ইউসুফ আহমেদ খান আর সংগীতায়োজন করেছেন শরিফুল ইসলাম ও রিজভী রহমান। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বিশাল আহমেদ। আগামীকাল গানটি হিমেল রনি নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। গানটি নিয়ে হিমেল দেশ রূপান্তরকে বলেন, ‘জীবনে এই প্রথমবারের মতো আমার মৌলিক গান ‘সখী ফুল কুড়াইস না’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। শুধু আমার বললে ভুল হবে, এই গানটার পেছনে সুর, কথা, মিউজিক কম্পোজ, ভিডিও, ক্যামেরা, লাইট সব মিলিয়ে সবাই যে কী পরিমাণ পরিশ্রম করেছে তা এক মাসে নিজের চোখে দেখেছি। প্রিয় কিছু মানুষের উৎসাহ ছাড়া এত বড় একটা কাজের শুরুটাই হতো না। বড় সার্থকতা হবে যদি গানটা শোনার পর সবার প্রতিক্রিয়া জানা যায়।’ মডেল শেখ সাদী বলেন, ‘পেশাগত কারণে নিয়মিত মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করি। কিন্তু সব গান মনে জায়গা পায় না। এ গানটি শোনার পরই আমার সুরটি মনে ধরেছে। মাঝে মাঝে গুনগুন করে গাই। ভিডিওটিও বেশ সুন্দর হয়েছে। আশা করি দর্শক উপভোগ করবেন।’
×
