অনিয়মের তথ্য গভর্নরকে জানানোর নির্দেশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮ এএম

দীর্ঘদিন থেকে আর্থিক খাতের সবচেয়ে আলোচিত বিষয় ব্যাংক খাতের সুশাসন। ঋণ কেলেঙ্কারি, আর্থিক অনিয়ম, পর্ষদ কর্তৃক চাপে এমডিদের দায়িত্ব ছাড়াসহ অনেক বিষয় সামাল দিতে হিমশিম খাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। নানা অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোতে পর্যবেক্ষক বসিয়েও অবস্থার উন্নতি করা যায়নি। বরং পর্যবেক্ষক থাকাকালেই ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোর পরিদর্শক ও পর্যবেক্ষকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। কোনো অনিয়ম পেলে সরাসরি তাকে জানানোর নির্দেশনা দিয়েছেন গভর্নর।

গতকাল বুধবার ব্যাংক খাতে সুশাসন ফেরাতে দুর্বল ১৪ ব্যাংকের পরিদর্শক ও পর্যবেক্ষকদের সঙ্গে এক আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এমন নির্দেশনা দেন। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র বলছে, বৈঠকের শুরুতে গভর্নর পর্যবেক্ষকদের কাছ থেকে ব্যাংকগুলোর আর্থিক অবস্থান জানতে চান। পরে একে একে সব ব্যাংকের আর্থিক অবস্থা, তারল্য পরিস্থিতি, ঋণ ও আমানতের বিষয়ে গভর্নরকে অবহিত করা হয়। এ সময় গভর্নর খেলাপি ঋণ কমিয়ে আনাসহ নানা দিকনির্দেশনা দেন।

বিভিন্ন ব্যাংকের পর্ষদে থাকা পর্যবেক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ব্যাংকের আর্থিক অবস্থা অবশ্যই উন্নতি করতে হবে। যেটা নিশ্চিত করতে হবে ব্যাংকের ম্যানেজমেন্ট এবং পর্ষদের মাধ্যমেই। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো শিথিলতা দেখানো হবে না।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে বৈঠকে ব্যাংকের পর্যবেক্ষকদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন গভর্নর। এ ক্ষেত্রে যদি কোনো অনিয়ম পর্যবেক্ষকদের চোখে পড়ে তাহলে সরাসরি গভর্নরকে অবহিত করতে বলা হয়েছে। এ ছাড়া ব্যাংকের বোর্ড সদস্যদের ঋণ অনিয়ম, অযাচিত হস্তক্ষেপ ও সন্দেহজনক বার্তাও অবহিত করতে বলা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বৈঠকে ব্যাংকের অর্থনৈতিক উন্নয়নের জোর দেওয়া হয়েছে। কোনোভাবেই যেন ব্যাংক থেকে ব্যাংকের ম্যানেজমেন্ট এবং পর্ষদই এ বিষয়টি নিশ্চিত করবেন। তাছাড়া ব্যাংকে সুশাসন ফেরাতে বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত