আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি বিএনপিকে জিজ্ঞেস করতে চাই—৪৮ ঘণ্টার আল্টিমেটাম কই? ভুয়া আল্টিমেটাম, এক দফা ভুয়া, বিএনপি হচ্ছে ভুয়া, আন্দোলন ভুয়া, ক্ষমতা দখল ভুয়া।'
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উদ্দেশে এই কথা বলেন তিনি।
বর্তমান সরকার অবৈধ হলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকারের কাছে কেন বারবার আবেদন করা হচ্ছে, সেটা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে তার পরিবারের পক্ষ থেকে সম্প্রতি সরকারের কাছে আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা এই আবেদনের ওপর রবিবার মতামত দেবে আইন মন্ত্রণালয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এদের হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়, স্বচ্ছ নির্বাচন নিরাপদ নয়, মুক্তিযুদ্ধ নিরাপদ নয়, স্বাধীনতার আদর্শ নিরাপদ নয়। ওরা ৭১ এর বাংলাদেশ চায় না। ওরা চায় খুন আর সন্ত্রাসের বাংলাদেশ, ওরা চায় দুর্নীতি আর স্বৈরাচারের বাংলাদেশ।'
ওবায়দুল কাদের বলেন, 'সামনে নভেম্বর, তারপরে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, ফাইনাল খেলা। খেলা হবে। প্রস্তুত হয়ে যান, নেত্রী আসছেন। আপনাদের ডাক দিবেন, যখনই ডাক দেবেন রাস্তায় নেমে আসতে হবে। যারা রাস্তা দখল করতে আসবে তাদের খবর আছে। যারা আগুন নিয়ে আসবে তাদের হাত আগুন জ্বালিয়ে দেব, যারা মারতে আসবে তাদের হাত ভেঙে দেব।'
