সাভারের আশুলিয়ায় বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নিহত মোক্তার হোসেন বাবুলের ভাই আয়নাল হক বাদী হয়ে আশুলিয়া থানায় এই মামলা করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গত শনিবার রাতে আশুলিয়ার জামগড়া ফকিরবাড়ী মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন বহুতল ভবনের চতুর্থতলার ফ্ল্যাট থেকে তিনজনের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মোক্তার হোসেন বাবুল (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ায় আলাদা পোশাক কারখানায় চাকরি করতেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, গতকাল রবিবার দুপুরে একটি হত্যা মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এ ছাড়া মরদেহগুলো রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আশুলিয়া থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, একই পরিবারের তিন সদস্যকে নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত হত্যাকা-ের কারণ জানা যায়নি।
