শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তসড়কসংলগ্ন বড় রাংটিয়ার খাল থেকে নিখোঁজ অটোচালক মো. আরব আলী (২১) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (০২ অক্টোবর) সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরব আলী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার মৃত আব্দুছ ছালামের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে আরব আলী তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে বের হয়। এরপর তাকে খুঁজে না পাওয়ায় ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করে আরব আলীর পরিবার। সোমবার সকালে ওই এলাকার স্থানীয় এক কৃষক ঘাস কাটার জন্য খালের পাশে গেলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ও আরব আলীর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার ও শনাক্ত করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
