একটা অন্ধকার ঘর। মেঝেতে আঁকা কিছু নকশা। চারপাশে বেশ কিছু মোমবাতি। তান্ত্রিক বেশে হাত উঁচু করে মন্ত্র পাঠ করছেন জওহরলাল। সঙ্গে একটা পুরনো ট্রাংক খুলে তার ভেতর থেকে মাথার খুলি ও কয়েকটা হাড়সহ কিছু জিনিসপত্র বের করে মেঝেতে রাখছেন। তবে তিনি ঠিক কী করছেন প্রথম দেখায় কেউ অনুমান করতে পারবেন না। এই জওহরলালের বয়স নাকি ৩০০ বছর। ২০০ বছর সাধনার পর তিনি এক শিষ্য খুঁজে পান। যার বয়স ১০০ বছর। নাম তার মোহনলাল। তবে কয়েক দিনের ব্যবধানে বেশ কিছু মেয়ে হারিয়ে যায়। যাদের মৃতদের পাওয়া গেছে তাদের কপালে একটা নকশা আঁকা থাকে। হঠাৎ করে শহর থেকে অর্পা নামে এক মেয়ে হারিয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে বের হয় এক অজানা রহস্য। তান্ত্রিকের মেঝেতে আঁকা নকশার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়া মেয়েদের কপালে আঁকা নকশার সঙ্গে। তাদের মধ্যে কী এমন যোগসূত্র আছেÑ এমনই এক রহস্যময় গল্পে নির্মিত হয়েছে নাটক ‘জওহরলালের ডায়েরি’। অনুপম দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। এতে জওহরলালের চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা গাজী রাকায়েত। তার শিষ্য মোহনলালের চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। এ ছাড়া রয়েছে অভিনেত্রী সুমাইয়া অর্পা।
×
