দেশের প্রত্যেকটি ইউনিয়ন ফাইবার অপটিকের আওতায় এসেছে। ৯৮ শতাংশের বেশি এলাকায় ফোরজি নেটওয়ার্ক সুবিধা পৌঁছে গেছে। আমরা এখন ফাইভজিতে যাওয়ার জন্য প্রস্তুত। স্পেকটার্ম নিলাম ও অন্যান্য যেসব আনুষ্ঠানিকতা দরকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) সেগুলো করছে।
দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের ২৪তম আন্তর্জাতিক সম্মেলনে গতকাল মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন।
ঢাকার একটি হোটেলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সকালে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় এখন ইন্টারনেট সুবিধা পৌঁছে গেছে। সেখানে গড়ে উঠেছে ই-সেন্টার। তথ্যপ্রযুক্তির মাধ্যমে বহু কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বহু ফ্রিল্যান্সার আয় করছে ঘরে বসেই। শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই ডিজিটাইজেশন করা হয়েছে। অনেক বড় পরিবর্তন এটি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব ম্যাসানরি কন্দ প্রমুখ।
আয়োজক বাংলাদেশ এবং ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও ইরানসহ নয়টি দেশের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তিবিষয়ক নিয়ন্ত্রক সংস্থার প্রধান, টেলিকম অপারেটর, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, টেলিকম ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞের প্রায় ১০০ জন প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন।
