বিজিবির অভিযান

১৯২ কোটি ৪৭ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৬:০৩ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত সেপ্টেম্বরে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৯২ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

বিজিবির সদরদপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয় যে, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩১ কেজি ১৯ গ্রাম সোনা, ২৬ কেজি ৭০৬ গ্রাম রুপা, ৫ লাখ ৬৯ হাজার ৪৬৮টি কসমেটিকস সামগ্রী, ১৯ হাজার ৫৬টি ইমিটেশন গয়না, ২৪ হাজার ৩১২টি শাড়ি, ১০ হাজার ৮০৬টি থ্রিপিস/শার্টপিস/ চাদর/কম্বল, ১ হাজার ৭২০ ঘনফুট কাঠ, ৬ হাজার ৫৩৫ কেজি চা পাতা, ১ লাখ ১৮ হাজার ৯১০ কেজি কয়লা, ১১টি কষ্টি পাথরের মূর্তি, তিনটি ট্রাক, পাঁচটি পিকআপ, ছয়টি প্রাইভেটকার, চারটি চান্দের গাড়ি, ৩৫টি সিএনজি/ইজিবাইক এবং ৮৭টি মোটরসাইকেল।  

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫৬ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৯ জন বাংলাদেশি নাগরিক, চারজন ভারতীয় নাগরিক এবং ১৩১ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত