নিশোকে নাটকে আমি নিয়ে এসেছিলাম: অপূর্ব

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৪১ পিএম

জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো ঢাকাই ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় দুই তারকা। শোবিজে হাতেখড়ির আগে থেকেই দুজনে বেশ ভালো বন্ধু। মডেলিং থেকে অভিনয়- দুই জায়গাতেই রাজ করেছেন তারা। নাটক পেরিয়ে এখন তারা ওটিটি, বড় পর্দাতেও সরব। বন্ধু হলেও তাদের মধ্যে রয়েছে এক ‘অদৃশ্য প্রতিযোগিতা’!

সম্প্রতি নতুন সিনেমার শুটিংয়ে কলকাতায় পাড়ি জমিয়েছেন অপূর্ব। সেখানে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাকে প্রশ্ন করা হয়, অপূর্ব ও নিশোর চেহারার মধ্যে কিছুটা সাদৃশ্য আছে। এ কারণে কে বেশি বিড়ম্বনায় পড়েছেন? উত্তরে ‘বড় ছেলে’ খ্যাত অভিনেতা অপূর্ব বললেন, ‘বিড়ম্বনায় নিশোকে পড়তে হয়েছে। প্রচুর মানুষ ওকে অপূর্ব বলে ডাকতো। ওকে বেশ ভুগতে হয়েছে এটার জন্য। থ্যাঙ্ক গড যে, ও নিশো হয়ে উঠতে পেরেছে।’

অপূর্ব এ-ও জানান যে, নিশোকে নাটকের ভুবনে তিনিই নিয়ে এসেছিলেন। তার ভাষ্য, ‘আসলে নিশোকে নিয়ে এসেছিলাম আমি। অভিনেতা হওয়ার আগে থেকেই আমরা বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখনই গাজী রাকায়েত ভাইকে বলেছিলাম, ওকে (নিশো) নাটকে নেওয়ার জন্য। এরপর মাঝে অন্য কাজে ব্যস্ত ছিল নিশো। এখন আবার কাজ শুরু করেছে।’

গেলো ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নিশোর। ওই সময় বন্ধু নিশোকে নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন অপূর্ব। করেন প্রচারণাও।

অপূর্ব বর্তমানে প্রথমবারের মতো কাজ করছেন টলিউডের সিনেমায়। নাম ‘চালচিত্র’। এটি নির্মাণ করছেন প্রতিক ডি গুপ্ত। শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওখানে (ঢাকা) আমাকে যতটা সম্মান দেওয়া হয়, এখানেও সেই একই সম্মান ও আন্তরিকতা পেয়েছি। আমাকে ছবির অন্য তারকারা বুঝতেই দেননি, আমি বাইরের কেউ। কলকাতায় কাজ করা বাড়িতে কাজ করার মতো। আমি যে এটা প্রথম বলছি, এমন নয়। আমাদের দেশ থেকে যারাই কাজ করতে এসেছেন, তারাই এটা বলেছেন। এই জায়গাটাই এমন।’

‘চালচিত্র’ ছবিতে অপূর্বর সহশিল্পী হিসেবে আছেন টোটা রায়চৌধুরী, রাইমা সেন, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। এটি প্রযোজনা করছে ফ্রেন্ডস কমিউনিকেশনস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত