ভারতের উত্তরপ্রদেশে মাঝ রাস্তায় বাজি পুড়িয়ে জন্মদিন পালন করায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় রাস্তার একাংশে যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় নয়ডার এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় মাঝে একটি কাঠের তক্তপোশ রাখা। তাতে সাজানো বেশ কয়েকটি কেক। ওই তক্তপোশটি ঘিরে জন্মদিন পালনে ব্যস্ত ১০-১২ জন যুবক।
এ সময় তাদের মধ্যে একজন মোবাইল ক্যামেরায় সে দৃশ্য বন্দি করেছেন। আশপাশ দিয়ে চলে যাচ্ছে মোটরসাইকেল, অটো। অভিযোগ উঠেছে, ওই রাস্তায় মত্ত অবস্থায় জন্মদিন উদ্যাপনের সময় যান চলাচলে বাধা দেন যুবকরা। রাস্তায় বাজিও পুড়িয়েছেন তারা।
এই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় চার জনকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গৌতম বুদ্ধনগর পুলিশ কমিশনারেট।
