তথ্যমন্ত্রী বললেন

সমৃদ্ধি ধরে রাখতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:৪৫ এএম

দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা একান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতির আকার বড় হয়েছে, বহুমাত্রিকতা এসেছে। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি দেশে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট যদি একসঙ্গে কাজ করে এবং মানি মার্কেট যদি ফড়িয়ামুক্ত হয় তাহলে দেশের সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৩ উপলক্ষে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট ফর সাসটেইনেবল ফিন্যান্স’ সেমিনারে এসব কথা বলেন তিনি।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আজকে পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার কারণে পাকিস্তান কিছুদিন আগ পর্যন্ত দেউলিয়া হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার কারণে সেখানে কীভাবে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। মানব উন্নয়ন সূচক থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য সূচকসহ সমস্ত সূচকে আমরা ২০১৪-১৫ সালেই পাকিস্তানকে অতিক্রম করেছি। এখানেই জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা, জাতির পিতা বঙ্গবন্ধুর দেশ রচনার সার্থকতা। আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।’

দেশের অর্থনীতির দিকে দৃকপাত করে তিনি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে আমাদের অর্থনীতির আকার গত প্রায় ১৫ বছরে কতগুণ বৃদ্ধি পেয়েছে সেটি অনেকের ধারণা নেই। আমাদের অতীতের ১০০ বিলিয়ন ডলারের অর্থনীতি এখন প্রায় এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হয়েছে। অর্থাৎ প্রায় পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমাদের বাজেট ২০০৮-০৯ অর্থবছরের ৮৮ হাজার কোটি টাকা থেকে এখন ১২ গুণ বৃদ্ধি পেয়ে ৭ লাখ ৭৩ হাজার ৬৭৫ কোটি টাকা হয়েছে। মাথাপিছু আয় ২০০৮ সালে ছিল ৬০০ ডলার, এখন ২ হাজার ৮৫৯ ডলারে দাঁড়িয়েছে।’

মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. সায়েদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত