রিয়াদ বইমেলায় পবিত্র কাবার পুরনো গিলাফ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১২:১১ এএম

সৌদি আরবের কিং সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলছে রিয়াদ আন্তর্জাতিক বইমেলা। ৫০ হাজার বর্গমিটারের এই মেলায় প্রাচীন ও দুর্লভ পান্ডুলিপি, পুরনো জিনিস ও চিত্রকর্ম আছে। এ ছাড়া কোরআন মাজিদের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ইবনে কাসিরের একটি পুরনো কপি, মসজিদে নববির কয়েকটি মোমবাতি ও লণ্ঠন আছে। তবে এবারের প্রদর্শনীর সবচেয়ে আকর্ষণীয় বস্তু পবিত্র কাবাঘরের ৯৮ বছর আগের পর্দা, যা দেখতে কিং আবদুল আজিজ কমপ্লেক্সের স্টলে দর্শকরা ভিড় করছে প্রতিদিন।

মদিনায় অবস্থিত কিং আবদুল আজিজ কমপ্লেক্সে কর্মরত আইমান ফকেহে বলেন, ‘এ বছর আমরা মেলার প্রদর্শনীতে পবিত্র কাবার পর্দা (গিলাফ) রেখেছি। ৯৮ বছরের পুরনো এই পর্দায় আরবিতে লেখা রয়েছে, ‘খাদিমুল হারামাইন আশ-শরিফাইন মালিক আবদুল আজিজ বিন আবদুর রহমান আলে-সাউদ।’

এ ছাড়া পবিত্র কোরআনের প্রাচীন পা-ুলিপি, ফিকাহ, আকিদা, ভূগোল, গণিতসহ আরবি ভাষায় বিভিন্ন নথি রয়েছে। এসব পান্ডুলিপি ইমাম আবদুল আজিজ বিন মুহাম্মদ বিন সাউদ দান করেছেন।

আইমান ফকেহে আরও বলেন, সুনানে আবু দাউদের হাজার বছরের পুরনো একটি পা-ুলিপি প্রদর্শনীতে রয়েছে। আহমেদ বিন সাহল আল-বালখির হাজার বছর আগে লেখা ‘মেনশন ডিস্টেনসেস অ্যান্ড পিকচার্স অব রিজিয়ন’ বইটিও রয়েছে। এ ছাড়া হিব্রু ভাষায় লেখা তাওরাতের পান্ডুলিপিও বইমেলার আরেক আকর্ষণ। কাচের কেসের ভেতরে রাখা পা-ুলিপিটি দেখতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। মেলায় বিশেষ প্যাভিলিয়নে থাকা ২৫টি দুর্লভ পান্ডুলিপির মধ্যে এটি অন্যতম।

গত ২৮ সেপ্টেম্বর রিয়াদ আন্তর্জাতিক বইমেলা শুরু হয়। ১০ দিনব্যাপী এই বইমেলায় অংশ নেয় ৩২টি দেশের এক হাজার ৮০০ প্রকাশনী। মেলার শেষ দিন আজ।

এবারের মেলায় ১০ লাখের বেশি দর্শক উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মেলার পাঠক উৎসবে গেস্ট অব অনার হিসেবে রয়েছে ওমান। এতে সৌদি সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ কমিশনের তত্ত্বাবধানে ‘অ্যান ইন্সপাইরিং ডিস্টিনেশন’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত