রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার উত্তরপাড়ার নূরানী জামে মসজিদ রোডের এক বাসায় গতকাল শুক্রবার ভোরে মাহতাব উদ্দিন নামে এক বছরের এক শিশু ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ ও পরিবার বলছে, শিশুটিকে ঘরে রেখে মা ইশরাত জাহান ইভা রান্না করতে গিয়েছিলেন। হঠাৎ শিশুর চিৎকারে ছুটে এসে দেখেন শিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় শিশুটি।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী দেশ রূপান্তরকে বলেন, নিষ্পাপ শিশুটিকে কে বা কারা কেন হত্যা করেছে তা এখনো নিশ্চিত নয়। পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সৎ দাদি, তার দুই বোন, ভাইসহ আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি আরও বলেন, খবর পেয়ে শিশুটির লাশ আনুমানিক ভোর ৫টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার সৎ শাশুড়ি (শিশুটির দাদি) এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ শিশুরটি মা’র। এর কারণ হিসেবে তার সঙ্গে শাশুড়ির বিরোধের কথা উল্লেখ করেন তিনি। তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন।
