শহীদ বেদিতে জুতা পায়ে আ.লীগের বর্ধিত সভা!

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:২৬ এএম

লালমনিরহাটের হাতীবান্ধায় শহীদ মিনারে জুতা পরে বর্ধিত সভা করেছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার মহিলা কলেজে ওই সভায় অনেককেই জুতা পরে মঞ্চের চেয়ারে বসতে দেখা গেছে। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার হাতীবান্ধা মহিলা কলেজে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কলেজের বেদিতে চেয়ার-টেবিল তুলে রীতিমতো মঞ্চ বানানো হয়। আর কাপড় দিয়ে ঢেকে শহীদ মিনারে নেতাকর্মীরা জুতা-স্যান্ডেল পায়ে দিয়ে সেখানে উঠে পড়েন। অনেকেই জুতা পরে মঞ্চের চেয়ারে বসে থাকেন। অনেকেই আবার জুতা পরেই বক্তব্য দেন।

লালমনিরহাটের একমাত্র জীবিত ভাষা সৈনিক আবদুল কাদের ভাসানী বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ও সম্মানে নির্মিত যে শহীদ মিনার, তার পবিত্রতা ও সম্মান রক্ষা করা সবার দায়িত্ব ও কর্তব্য। এর কোনোরকম ব্যতয় ঘটানো বিব্রতকর, দুঃখজনক ও নিন্দনীয় কাজ হিসেবে গণ্য।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াত খান বলেন, শহীদ মিনার পাদদেশে অনুষ্ঠানের মঞ্চে জুতা পায়ে যে ওঠা উচিৎ নয়, এরা হয়তো সেটা এখন বেমালুম ভুলে গেছেন। এটা ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী একটি নেতিবাচক উদাহরণ। কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হতে পারে না।

হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ওরফে সোহাগ বলেন, হাতীবান্ধা মহিলা কলেজের শহীদ মিনারটি অসম্পূর্ণ। ছবি বা ভিডিও চিত্র দেখে এটি বোঝা সম্ভব নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত