গত বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন এবার শুরু করলেন সাকিব আল হাসান। আফগানিস্তানকে হারানোর পথে বল হাতে রাখলেন বড় অবদান। দারুণ এক কীর্তিও গড়লেন বাংলাদেশ অধিনায়ক।
ধর্মশালায় শনিবার আফগানদের ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে ১৫৬ রানে গুটিয়ে ৯২ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
আফগানদের অল্পতে গুঁড়িয়ে দেওয়ার পথে চমৎকার বোলিংয়ে ৩ উইকেট নেন সাকিব। এতে বিশ্বকাপে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে উঠে এসেছেন তিনি। তার ওপরে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৬৮) ও দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির (৪০)।
এই ম্যাচে নামার সময় ৩৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্র্যাড হগের সঙ্গে যৌথভাবে চারে ছিলেন সাকিব। ইব্রাহিম জাদরান, রহমত শাহ ও নাজিবুল্লাহ জাদরানের উইকেট নিয়ে হগকে পেছনে ফেলেন তিনি। সঙ্গে টপকে যান ৩৬ উইকেট নিয়ে তিনে থাকা নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে।
