একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন সুস্থ হয়ে বাসায় ফিরলেও এখনই শুটিং করার মতো অবস্থায় নেই। তাই তার বদলে একটি চরিত্রে সুযোগ পেলেন আরেক গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম। নিজের জীবনের গল্পে এই ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন শিহাব শাহীন। ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নামের সেই ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা ছিল আফজাল হোসেনের। গেল মাসে তাকে নিয়ে শুটিং করার কথা থাকলেও অভিনেতা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় শুটিং বন্ধ রাখা হয়। ওয়েব ফিল্মটিতে তার পরিবর্তে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, এমনটা নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন। নির্মাতা বলেন, আফজাল ভাই শারীরিকভাবে এখন সুস্থ কিন্তু উনার আরও কিছুদিন বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসক। যেহেতু আমার কাজটা শেষ করতে হবে দ্রুত উনি পরামর্শ দিলেন অন্য কাউকে নিয়ে কাজটা করতে। এখন উনার পরিবর্তে শহীদুজ্জামান সেলিমকে চূড়ান্ত করেছি। তিনিই বাবার চরিত্রটা করবেন।
জানা গেছে, আগামী ৮ অক্টোবর থেকে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে। টানা চারদিন শুটিংয়ের মধ্য দিয়ে ক্যামেরা ক্লোজ করা হবে।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম। এরপর ৫ সেপ্টেম্বর থেকে দেশে শুটিং করার কথা থাকলেও হঠাৎ করে আফজাল হোসেন অসুস্থ হয়ে যাওয়ায় সেটি বাতিল করা হয়।
ওয়েব ফিল্মটিতে শহীদ্জুামান সেলিম ছাড়া আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, ইরফান সাজ্জাদ, সোহেল মন্ডল প্রমুখ। এটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফরম বিঞ্জের জন্য।
