ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শ্বশুরবাড়িতে এসে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে মো. বাচ্চু মিয়া (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের পাড়াভাসাটি গ্রামের খেরুয়া বিলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ বাচ্চু মিয়া উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে শ্বশুরবাড়ির পাশে বিলের সঙ্গে সংযুক্ত একটি খালে টাক জাল দিয়ে মাছ ধরতে যান বাচ্চু মিয়া। জাল টানতে গিয়ে হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান। তীব্র স্রোতের কারণে আর উঠতে পারেননি। খবর পেয়ে রাতেই ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এলেও তীব্র স্রোত ও ডুবুরি দল না
থাকায় উদ্ধার কাজ শুরু করতে পারেনি। শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হলে বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাচ্চু মিয়ার সন্ধান মেলেনি।
