কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন। গতকাল শনিবার সকালে পৌর শহরের দয়াময়ী মোড়ে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম। হিউম্যান রাইটস ডিফেন্ডারের সদস্য মোর্শেদ ইকবালের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ, উদীচী জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি আমির উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাঈম রহমান, জেলা যুবলীগ সভাপতি রাজন সাহা রাজু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আর যেন কোনো কুলাঙ্গার মুক্ত চিন্তার মানুষ, বুদ্ধিজীবী, কবি-সাহিত্যিকদের ওপর হামলা করতে না পারে। কবি রাধাপদ রায়ের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
