আসছে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন-পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় এসেছে সাত সদস্যের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। গতকাল শনিবার সন্ধ্যায় প্রতিনিধিদলটি ঢাকায় এসে পৌঁছায়। সাত সদস্যের এ দল এবং তাদের সহায়তাকারীরা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত অবস্থান করবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই সফরের ওপরই নির্ভর করবে আগামী সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না?
তাদের এই সফর সম্পর্কে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস অ্যাটাচে ও মুখপাত্র ব্রায়ান শিলার সাংবাদিকদের জানান, প্রাক-নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিনিধিদলটি বাংলাদেশের নির্বাচন কমিশন, বিভিন্ন সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নাগরিক সংগঠন এবং নারী ও তরুণদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।
যুক্তরাষ্ট্রের সরকারের অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন এবং নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করে।
জানা গেছে, সফর শেষে প্রতিনিধিদল ইতিবাচক বিষয়গুলোর পাশাপাশি উদ্বেগের ক্ষেত্রগুলো ও বাস্তবসম্মত সুপারিশগুলো তুলে ধরে একটি বিবৃতি দেবে। তারা দলসংশ্লিষ্ট আন্তর্জাতিক স্টেকহোল্ডার, ওয়াশিংটন ডিসির নীতিনির্ধারক এবং বাংলাদেশের নির্বাচনী এলাকায় বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক ব্রিফিং ও পরামর্শ করবে। প্রতিনিধিদলটির প্রাথমিক কাজ হবে নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনী প্রেক্ষাপট সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য সরবরাহ করা। নির্বাচনের দিন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানো হবে কি না, তাও নির্ধারণ করা হবে তাদের দেওয়া মতের ওপর ভিত্তি করে।
