ঘটনাটা নিউজিল্যান্ড সিরিজের সময়। বিশ্বকাপের আগে ঘরের মাঠের সেই সিরিজের প্রথম ম্যাচ। প্রত্যাশা মতো ব্যাট করতে পারেননি। আউট হয়ে গিয়েছিলেন তিনি। ড্রেসিং রুমে ফেরার সময় তাকে মেজাজ হারিয়ে ব্যাট ভাঙতে দেখা গিয়েছিল। শান্ত মেজাজের লিটন কেন সেদিন অশান্ত হয়ে উঠেছিলন, সেটার কারণ আবিষ্কার করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।
বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচের পর টিভি টক শোতে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আকরাম।
সেই একই টক শোতে ম্যাচপূর্ব আলাপেও বাংলাদেশ নিয়ে কথা বলেছেন আকরাম, শোয়েব মালিক, মিসবাহ-উল-হকরা। তখন কথা প্রসঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের চড়া মেজাজ নিয়েও কথা বলেছেন তারা। সে সময় মজা করে বাংলাদেশের ক্রিকেটারদের মেজাজ হারানোর কারণ হিসেবে ঢাকার যানজটকে দায়ী করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ।
লিটনের সাম্প্রতিক ফর্ম যে ভালো যাচ্ছে না, সেটি মনে করিয়ে দেন শোয়েব, ‘লিটন দাস কিছুটা লড়াই করছে। তাকে আমি হতাশা প্রকাশ করতেও দেখেছি। এক ম্যাচে সে তো নিজের ব্যাটও ভেঙে ফেলেছে আউট হওয়ার পর।’
এ সময় বাংলাদেশি খেলোয়াড়দের চড়া মেজাজের কথা উল্লেখ করে আকরাম বলেছেন, ‘তাদের অনেক রাগ করতে দেখা যায়।’ শোয়েবের এ কথায় সবার মধ্যে হাসির রোল ওঠে। কেন এমন হয়, উপস্থাপক তা জানতে চাইলে আকরাম বলেছেন, ‘আমি যাদের সঙ্গে খেলেছি, তারা খুব দারুণ মানুষ ছিল। এখনো বাংলাদেশের মানুষ খুবই দুর্দান্ত। হয়তো তরুণ খেলোয়াড়েরা মুহূর্তের উত্তেজনায় এমন আচরণ করে।’
প্রায় পুরো সময় মুখ বন্ধ রাখা মিসবাহ-উল-হক আকরামের এ কথার পর মুখ খোলেন। তিনি টিপ্পনী কেটে বলেন, ‘ঢাকার যানজটের কারণেও এমনটা হতে পারে।’
