বলিউডে কমেডি ধাঁচের বহু সিনেমা নির্মিত হলেও অ্যাডাল্ট-কমেডি ছবি নেই বললেই চলে। সেই অভাব কিছুটা ঘুচিয়ে দিতে এসেছে ‘থ্যাংক ইউ ফর কামিং’। গত ৬ অক্টোবর ভারতের প্রায় ৮০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। পরিচালনা করেছেন করন বুলানি। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন পাঁচ অভিনেত্রী। তারা হলেন ভূমি পেডনেকার, শেহনাজ গিল, ডলি সিং, কুশা কাপিলা ও শিবানি বেদি। অভিনেতা হিসেবে রয়েছেন করন কুন্দ্রা ও অতিথি চরিত্রে দেখা দিয়েছেন অনিল কাপুর। নারীকেন্দ্রিক ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। কেউ এর ভূয়সী প্রশংসা করছেন, তো কেউ একেবারে নিন্দা। তবে গড়ে ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা যাচ্ছে। হিন্দুস্তান টাইমসের রিভিউতে বলা হয়েছে, ‘থ্যাংক ইউ ফর কামিং’ সিনেমায় ভূমি পেডনেকার এমন এক নারীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি জীবনে কখনো অরগাজমের অভিজ্ঞতা পাননি। সেক্স-কমেডি ছবি কৌশলী হতে পারে। আর যখন নারীর বিষয়ে গল্প, তখন তাদের শরীর, যৌন চাহিদা এবং সুখ সবই উঠে আসতে পারে। ‘থ্যাংক ইউ ফর কামিং’ সিনেমায় এসব দিক উঠে এসেছে এবং দর্শক যাতে শেষে আনন্দ নিয়ে বের হতে পারেন, তাও নিশ্চিত করা হয়েছে। ছবিটি নিয়ে এর অভিনেত্রী ভূমি জানান, এখানে নারী ও পুরুষের মধ্যে লড়াইয়ের কথা নয়, বরং পিতৃতন্ত্রের কারণে উভয় লিঙ্গের মানুষ যে প্রভাবিত হয়, সেটাই তুলে ধরা হয়েছে। তার ভাষ্য, ‘এই ছবিতে অরগাজমকে সমাজের অন্যান্য বড় ইস্যুতে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। ছবিটির মূল ভিত্তি হলো নারীত্বকে উদযাপন করা।’
এদিকে মুক্তির পর বক্স অফিসে মন্দের ভালো সাড়া পাচ্ছে ছবিটি। প্রথম দিন এটি কালেকশন করেছে এক কোটি ছয় লাখ রুপি। তবে বিশেষজ্ঞরা বলছেন, শনি ও রবিবারের কালেকশনে উন্নতি দেখা যেতে পারে। একই দিনে (৬ অক্টোবর) ভারতে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘মিশন রানিগঞ্জ : দ্য গ্রেট ভারত রেসকিউ’। এটি প্রথম দিনে সংগ্রহ করেছে ২ দশমিক ৮ কোটি রুপি।
